নিউ ইয়র্ক, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশকে। এর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত নীতিনির্ধারণী এ সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব পেল।
রাষ্ট্রদূত মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায়ন ও উন্নয়নের যে মডেল উপস্থাপন করেছিলেন, তার স্বীকৃতি হিসেবেই বাংলাদেশকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।”
এ কমিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
২০০৫ সালে জাতিসংঘ পিসবিল্ডিং কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এ সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়াসহ ৩১ সদস্যের এ সংস্থা বিভিন্ন দেশে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, উন্নয়ন ও শান্তি প্রচেষ্টায় পরামর্শক হিসেবে কাজ করে থাকে।
পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ইন্দোনেশিয়া, ভারত, জাপান, ফ্রান্স, ইউক্রেন, ব্রাজিল, চিলি, তিউনেশিয়া, এল সালভাদর, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়ার প্রতিনিধিরা বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে আব্দুল মোমেন জানান।
কিছুদিন আগে জাতিসংঘের ‘সিনিয়র অ্যাডভাইজারি কমিটি’ ও ‘পিস বিল্ডিং তহবিল’ এর সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি মিশনেও বাংলাদেশে প্রায় ১১ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪০ ঘ.
bdnews24