ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে আগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে মালয়েশিয়া সরকার।
ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে মালয়েশিয়া সরকারের বিশেষ দূত দাতো সোরি এস স্যামি ভেলু মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন বিন সাবেহ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান ও সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া সরকারের বিশেষ দূত স্যামি ভেলু সোমবার সেতু ভবনে যোগাযোগ মন্ত্রীর ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেও এই আগ্রহের কথা জানিয়েছিলেন। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালেন।
সোমবারের বৈঠকের পর যোগাযোগমন্ত্রী বলেন, “পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মালয়েশিয়া সরকার গভীর আগ্রহ দেখিয়েছে। তাদের অফার পেয়েছি। কিছু ফরমালিটিজ আছে। বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবো।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। তাদের এ অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনও, যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে যথাসময়ে অচলাবস্থার অবসান না হলে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া বা অন্য যে কোনো দেশের সঙ্গেই চুক্তি করা হবে।”
বিশ্বব্যাংকের নাম উল্লেখ না করে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অনুষ্ঠানে বলেন, একটি ঋণদাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার প্রমাণ দিতে না পারলে তাদের অর্থ সরকার নেবে না।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৩০ ঘ.
bdnews24