২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঢিলেঢালা হরতাল

গণমিছিলে সংঘর্ষের সময় গুলিতে এক ‘জামায়াত কর্মী’ নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের আধাবেলা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

রাজশাহী, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে সংঘর্ষের সময় গুলিতে এক ‘জামায়াত কর্মী’ নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের আধাবেলা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। হরতালে ‘বিশৃঙ্খলা’ এড়াতে পুলিশ মঙ্গলবার সকাল থেকেই পুরো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। নগরীর জিরো পয়েন্ট, সোনাদিঘীর মোড়, গৌরহাঙ্গা রেলগেট, মণিচত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিনোদপুর, তালাইমারীসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। তবে সকাল থেকে বিএনপি বা চার দলের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। কোথাও গোলোযোগেরও খবর পাওয়া যায়নি। সকালে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলো একে একে খুলতে শুরু করে। সংখ্যায় কম হলেও রিকশাসহ বিভিন্ন হালকা যানবাহন চলতে দেখা যায় বিভিন্ন এলাকায়। সোমবার চারদলের গণমিছিল কর্মসূচি চলাকালে নগরীর লোকনাথ বিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের সময় শফিকুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর সন্ধ্যায় রাজশাহী নগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন রাজশাহীর সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। মঙ্গলবার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকালের অনাকাক্সিক্ষত ঘটনার কারণেই আমাদের এই হরতাল ডাকতে হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে সাড়া দিয়েছে।” রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ওবায়দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুতি আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২২০ ঘ.