ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়শিয়া সরকারের ঢাকা ওয়াসার একটি প্রকল্প বাস্তবায়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, এ চুক্তির অধীনে ওয়াসার ধল্লা-জামির্তা ওয়েল ফিল্ড প্রকল্পে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়শিয়া। এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীতে ১৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
এতে বলা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মালয়শিয়া সরকারের বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেলির মধ্যে এক বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া মালয়শিয়া সরকার রাজধানীর জেনেভা ক্যাম্প নির্মাণ, পানি সমস্যা সমাধান এবং যানজট নিরসনে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২৩০৫ ঘ.
bdnews24