২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাপাচারে সর্বোচ্চ ১২ বছরের দণ্ড

মুদ্রা পাচারের জন্য সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনের সংশোধিত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের জন্য সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনের সংশোধিত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়ায় মানি লন্ডারিং সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ ১২ বছর ও সর্বনিম্ন চার বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি জানান, এ সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য সম্পত্তির দামের দ্বিগুণ অথবা ১০ লাখ টাকা জরিমানার কথাও বলা হয়েছে। এ আইনে দুর্নীতি দমন আইনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালতে এসব মামলার বিচার করা হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগ রয়েছে। এর মধ্যে নিম্ন আদালত গত বছরের ২৩ জুন কোকোর ছয় বছরের সাজার রায় দেয়। তারেকের বিরুদ্ধে মামলা বিচারাধীন। দুজনের কেউই বর্তমানে দেশে নেই। বৈঠকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দিতে ঢাকায় প্রথম পর্বের অনুষ্ঠানের প্রস্তাব অনুমোদন হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামী ২৭ মার্চ এ সম্মাননা দেওয়ার প্রস্তুতি নিয়েছে জানিয়ে সচিব বলেন, “আগামী ১৩ এপ্রিলের মধ্যে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।” মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘দক্ষতা উন্নয়ন নীতি খসড়া’ও অনুমোদন দেওয়া হয়। জাতীয় উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি ও কাজের মূল্যায়ন করতে খসড়া আইনে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি নীতিমালা তৈরি করার কথা বলা হয়। এছাড়া ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১২’ ও ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পারিক সহায়তা আইন, ২০১২’ এর খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে। সচিব বলেন, “সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় সহায়তা এবং তথ্য আদান-প্রদানের সুযোগ রাখা হয়েছে। ফলে অপরাধ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন দেশের সঙ্গে তথ্য লেনদেন ও সহায়তা দিতে ও নিতে পারবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২২৪৮ ঘ.