২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রকল্পের কাজ শুরু হয়নি: দীপু মনি

টিপাইমুখ প্রকল্পের সর্বশেষ অবস্থা হিসাবে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মণিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির বিষযটি সংসদে উপস্থাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্পের সর্বশেষ অবস্থা হিসাবে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মণিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির বিষযটি সংসদে উপস্থাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ওই প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান- ভারতের টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ কত সালে শুরু হয় এবং বর্তমান অবস্থা কী? মন্ত্রী বলেন, “অতিস¤প্রতি মনিপুর সরকার, এনএইচপিসি ও সুলেজ জল বিদ্যুত নিগম লি. (এসজেভিএন)-এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি (হেভিসি) গঠনের লক্ষ্যে একটি ‘প্রমোটরস এগ্রিমেন্ট’ স্বাক্ষর হয়।” ভারতের মণিপুরে বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর দেশের গণমাধ্যমে খবর প্রকাশ হলে এক পর্যায়ে সরকার ও বিরোধী দল টিপাইমুখ প্রকল্প সম্পর্কে জানতে চেয়ে ভারতে চিঠি দেয়। জবাবে ভারত সরকার বলে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না। পরিবেশ বিশেষজ্ঞরা বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। মনিপুর রাজ্যেও পরিবেশবাদী সংগঠনগুলো কয়েক বছর ধরে এ প্রকল্পের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। এ পরিকল্পনা বাতিলের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে তারা। ‘ ভারত প্রথম জানায় ১৯৭৮ সালে’ দীপু মনি বলেন, ভারতের নাগাল্যান্ড ও মনিপুর রাজ্যের সীমান্তের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন বরাক নদী ও এর বিভিন্ন উপনদীর প্রবাহের কারণে বর্ষা মৌসুমে ভারতের আসাম রাজ্যের কাচার এলাকায় প্রায়শ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ এলাকাকে বন্যা থেকে রক্ষায় ভারত বরাক নদীর উজানে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করে ও এ লক্ষ্যে অনুসন্ধান চালায়। ১৯৭২ সালের ২৫-২৬ জুন বাংরাদেশ-ভারত যৌথ কমিশনের প্রথম বৈঠকে বিস্তারিত আলোচনার পর বাংলাদেশে সিলেট ও ভারতের কাচার এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সমীক্ষা দল গঠন করা হয়। “সমীক্ষা দলের মাঠ পর্যায়ে পরিদর্শন শেষে ওই এলাকার পানি সম্পদের বহুমুখী উন্নয়নে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দেওয়া হয়। এছাড়া বরাকের উজানে ভুবন্দর সাইটে বাঁধ নির্মাণের বিষয়ে অনুসন্ধান অতি শিগগির শেষ করার পরামর্শ দেয় সমীক্ষা দল।” পরবর্তীতে ১৯৭৮ সালের জানুয়ারি মাসে যৌথ নদী কমিশনের ১৪তম বৈঠকে ভারত প্রথম টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়টি অবহিত করে। এ বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয় দেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বরাক নদীর প্রকল্পের বিভিন্ন দিক পরীক্ষা করে দেখবে ও অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করবে। ‘ প্রকল্পে পানি প্রত্যাহারের ব্যবস্থা নেই’ ২০০৯ সালের ৪ অগাস্ট জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য ভারত যায় বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ওপর থেকে পরিদর্শনের সময় ওই এলাকায় বাঁধ নির্মাণ সংক্রান্ত কোনো অবকাঠামো গোচরীভূত হয়নি।” ওই বছরেরই ২১ মে ভারতের কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দীপু মনি বলেন, “প্রস্তাবিত প্রকল্পে কোনো সেচ কম্পোনেন্ট এবং নদী থেকে পানি প্রত্যাহার করার ব্যবস্থা নেই বলে ভারতীয় পক্ষ জানায়। প্রস্তাবিত প্রকল্পটি শুধু জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মাণ করা হবে।” “এছাড়া প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলে ভারত জানায়।” কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ একেএম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিকভাবে চীন এখন পর্যন্ত বহ্মপুত্র নদের পানি প্রত্যাহার সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণের প্রস্তাব উত্থাপন করেনি। এ বিষয়ে চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ আলোচনার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবার বিকাল পৌনে সাড়ে ৪টার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। গত ২৫ জানুয়ারি সংসদে দ্বাদশ অধিবেশন শুরু হলেও বিরোধী দল অংশ নিচ্ছে না তাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৯ ঘ.