লক্ষ্মীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে রোববার বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত আবুল কাশেম আওয়ামী লীগকর্মী বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা।
সোমবার বিকালে স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তেয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বোরারহান উদ্দিন চৌধুরী লিখিত বক্তব্যে এ দাবি করেন।
তিনি বলেন, “নিহত আবুল কাশেম জীবনের শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনয়নের ৮নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।”
আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে বিএনপি তাদের দলীয় কর্মী দাবি করে মিথ্যা তথ্য দিয়েছে, বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির ডাকা ২৯ জানুয়ারি দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে লক্ষ্মীপুরে নিহত আবুল কাশেম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলে দাবি করে দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বলেছেন বাড়ি থেকে লক্ষ্মীপুর কৃষি ব্যাংকে সয়াবিন চাষের ঋণ নেওয়ার জন্য শহরের দক্ষিণ তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় আসলে শিবির-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ভেতরে পড়েন।
এ সময় শিবির বিএনপি’র ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে সদর হাসপাতাল এবং পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য ঘটনাটি তুলে ধরার আহ্বান জানান সাংবাদিকদের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ওমর হোসেন ভুলু, তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য তোফায়েল আহম্মদ প্রমুখ।
এদিকে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাছান এর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কাশেম ২০০৪ সালে আমরি তলা এলাকায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করে তার বাবা লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রয়াত মোছলেহ উদ্দিন নিজামের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
হাছান বলেন, “তিনি কখনো বিএনপি’র সঙ্গে জড়িত ছিলেন না। তিনি একজন আ’লীগ নিবেদিত কর্মী, এতে কোনো সন্দেহ নেই।”
এছাড়াও তেওয়ারীগঞ্জের স্থানীয় ব্যবসায়ী রশিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কাশেম একজন সাধারণ খেটে-খাওয়া মানুষ এবং আ’লীগের একজন সক্রিয় কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০৪ ঘ.
bdnews24