নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুন নাহার এই সাজা দেন বলে জানায় পুলিশ।
দণ্ডিতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামনাথ গ্রামের হযরত আলী (৪০) ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির সাদ্দাম হোসেন (২২)।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে বন্দর থানার লাঙ্গলবান্দ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি তক্ষকসহ এই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়।
ওসি আরো জানান, ওই দুই ব্যক্তি তক্ষক দুটি চট্টগ্রাম থেকে তিনশ’ টাকা দিয়ে কিনে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24