২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে কারিগরী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাত দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পৌনে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পৌনে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে। সোমবার সকালে চাঁপানবাবগঞ্জ-সোনমসজিদ স্থলবন্দর মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাশে তারা অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেয়। শিক্ষার্থীরা জানায়, ইন্সটিটিউটের শিক্ষক সংকট, কারিগরি শিক্ষা বোর্ডের ২০১০ সালের ১৪ (গ) প্রবিধান সংশোধনসহ সাত দফা দাবিতে আন্দোলন করছে তারা। রিফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের রঞ্জু মোস্তফা এবং কম্পিউটার বিভাগর মো. মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারিগরী শিক্ষাবোর্ডের আগের নিয়ম অনুযায়ী কেউ এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারবে, তবে তাকে ওই বিষয় পরবর্তীতে পাশ করে আসতে হবে। কিন্তু ২০১০ সালের করা প্রবিধানে এই সুযোগটি বাতিল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার শাকিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে তিন শতাধিক যানবহন আটকে পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার ঘটনাস্থলে গিয়ে তাদের দাবির বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে জানানোর আশ্বাস দিলে পৌনে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইচপি/ডিডি/১৭১৮ ঘ.