সিরাজগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন।
সোমবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ঝন্টু (১৬) এবং সাহেবগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে সুমন (২৮)।
আহত সাহেবগঞ্জ গ্রামের বাবু লাল প্রামানিকের ছেলে কৃষ্ণ লালকে (২৫) বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাসেম আলী জানান, বগুড়াগামী একটি মোটর সাইকেলে ৩ আরোহী সাহেবগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিরাজগঞ্জগামী ফাইম ফেরদৌস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ঝন্টু এবং হাসপাতালে নেয়ার পথে সুমন মারা যায়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই হাসেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬১৩ ঘ.
bdnews24