২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনের সময় বাড়াতে মন্ত্রিসভার সায়

নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে অপারগতা জানানোর পর নির্বাচনের সময়সীমা ও প্রশাসকের মেয়াদ বাড়িয়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে অপারগতা জানানোর পর নির্বাচনের সময়সীমা ও প্রশাসকের মেয়াদ বাড়িয়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত সংশোধন সংসদে পাস হলে বিভক্ত সিটি কর্পোরেশনে নির্বাচন ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে করা যাবে। প্রশাসকের মেয়াদও ৯০ দিনের বদলে ১৮০ দিন হবে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে উত্তর ও দক্ষিণ- নামে আলাদা দুটি কর্পোরেশন করে গত ৩০ নভেম্বর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০১১ বিলটি সংসদে পাস হয়। এতে বলা হয়, পুরনো ও বিভক্ত সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, আর নতুনের ক্ষেত্রে এ সময়সীমা ১৮০ দিন। আইনে সরকার নিযুক্ত প্রশাসকের মেয়াদ রাখা হয় ৯০ দিন। ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকায় ফেব্র“য়ারির মধ্যে বিভক্ত ডিসিসির নির্বাচন করার বাধ্যবাধকতা দেখা দেয়। কিন্তু বিদায়ী নির্বাচন কমিশন এতে তাদের অপরাগতার কথা জানান। গত ডিসেম্বরেই চিঠি দিয়ে বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানিয়ে দেয় ইসি। এরপর স্থানীয় সরকার বিভাগ আইন সংশোধনের উদ্যোগ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৪৫ ঘ.