বাগেরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাটে কৃষকের চুরি যাওয়া তিনটি সেচপাম্প মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যমতে উপজেলার আটজুড়ি ইউনিয়নের চর বাসুড়িয়া গ্রাম থেকে এসব সেচপাম্প উদ্ধার করা হয়।
দক্ষিণ কুসলি গ্রামের কৃষক রফিক মোল্লা সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তার বোরো ধানের ক্ষেত থেকে দুটি সেচপাম্প চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নামোল্লেখ করে তিনি রোববার একটি মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মামলা দায়েরের পর রাতে চর বাসুড়িয়া গ্রামের মো. গাউস শেখ (৫০) এবং নিমাত আলী শেখকে (৪৫) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতেই তাদের তথ্যমতে মাটির নিচে পুঁতে রাখা তিনটি সেচপাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩৭ ঘ.
bdnews24