কিশোরগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলায় হাজিরা দিতে কিশোরগঞ্জের একটি আদালতে আসার পথে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আট জন।
এ ঘটনায় ছয় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাইথ্যার বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও আহতরা।
নিহত আব্দুল কাইয়ুম (৪৮) কটিয়াদি উপজেলার চান্দপুর দূর্গাপুর গ্রামের আমীর হোসেনের ছেলে। আহতদের বাড়িও একই গ্রামে।
কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোখলেসুর রহমান (৪৫) জানান, কিছুদিন আগে মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামের নয় জনকে আসামি করে একটি মামল করেন প্রতিবেশি তুহিন দফাদার।
“ওই মামলায় সকালে হাজিরা দিতে নয় জন একটি পিকআপে করে আদালতে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বাদীপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কাইয়ুম মারা যান।”
আহত এরশাদ মাহমুদ (২৫), বাচ্চু মিয়া (৫০), শাওয়াল মিয়া (৪৫), লিটন (৩০), সেলু (৪৫), লতিফ (৪৫) ও আল আমিনকে (২৫) ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, হামলায় জড়িত সন্দেহে ঘটনাস্থলের আশপাশ থেকে জালাল (৫৫), হোসেন (২৪), মিজান (৩০), মামুন (২০), মুরাদ (২৫) ও তারিফ (২২) নামে ছয় জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৫ ঘ.
bdnews24