২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের মানববন্ধন

বিএনপি-জামায়াত জোটের মদদে গণতান্ত্রিক সরকার উৎখাতের জঙ্গিরা ষড়যন্ত্র করছে দাবি করে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বানে রাজধানীতে মানববন্ধন করেছে আওয়ামী যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোটের মদদে গণতান্ত্রিক সরকার উৎখাতের জঙ্গিরা ষড়যন্ত্র করছে দাবি করে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বানে রাজধানীতে মানববন্ধন করেছে আওয়ামী যুবলীগ। সোমবার দুপুরে মতিঝিলের শাপলা চত্বর থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচির পর যুবলীগকর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়েছে। সেখানে বেলা ৩টায় আওয়ামী লীগের জনসভা হবে। সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধন দুপুর ১টা পর্যন্ত চলে। বিএনপির গণমিছিলের কর্মসূচির মধ্যেই এই কর্মসূচি করছে যুবলীগ। বিএনপির কর্মসূচি ২টায় শুরু হওয়ার কথা। মানববন্ধনের পরে এক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, দেশবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকা এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দেশবাসীকে সচেতন করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে দাবি করে তিনি বলেন, “খালেদা জিয়া রোড মার্চে পরিষ্কার বলেছেন, ‘ওরা যুদ্ধাপরাধী নয়’। তিনি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান। “তিনি আরো বলেছেন নবীন এবং প্রবীণের সমন্বয়ে সরকার গঠনের কথা। আমাদের কাছে স্পষ্ট যে তিনি নবীন বলতে দুর্নীতিবাজ তারেক রহমানকে ক্ষমতায় বসাতে চান।” মানববন্ধনে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। সরকার সমর্থক সংগঠনটির মানববন্ধনের কারনে যান চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক মো. শাহ জামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এমআই/১৩৫০ ঘ.