২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্চ কমিটিতে নাম দেবেন না প্রধানমন্ত্রী’

ক্ষমতাসীন জোটের শরিক দলের নেতা রাশেদ খান মেনন বলেছেন, নতুন নির্বাচন কমিশন নিয়োগে শেখ হাসিনা কোনো নাম প্রস্তাব করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন জোটের শরিক দলের নেতা রাশেদ খান মেনন বলেছেন, নতুন নির্বাচন কমিশন নিয়োগে শেখ হাসিনা কোনো নাম প্রস্তাব করবেন না। একইসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে প্রস্তাবিত কোনো নাম শুনবেনও না বলে উল্লেখ করেন মেনন।। তিনি জানান, ১৪ দলের সংসদে প্রতিনিধিত্বকারী জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন হাসিনা। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও মহাজোটের শরিক জাতীয় পার্টি পৃথক পৃথকভাবে সার্চ কমিটিতে সোমবার নাম দেবে বলে দলীয়ভাবে জানানো হয়। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সংসদের কার্যালয়ে সন্ধ্যা ৭টা থেকে আধাঘণ্টার এ অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও মাঈনুদ্দিন খান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সার্চ কমিটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আওয়ামী লীগের সঙ্গে আমাদের মত পরস্পর বিনিময় করেছি। সোমবার দলগতভাবে নয়, বরং আলাদা আলাদাভাবে নতুন ইসি নিয়ে নাম জমা দেওয়া হবে।” আওয়ামী লীগ সভানেত্রী সার্চ কমিটিতে জমা দেওয়ার জন্য কোনো নাম বলেছেন কি না জানতে চাইলে মেনন জানান, দলগত নাম দেওয়ার পক্ষে মত দেন তিনি। মেনন বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি কারো নাম প্রপোজ করবো না’। প্রধানমন্ত্রী কোনো নাম শুনবেনও না।” প্রধানমন্ত্রী কারো নাম প্রস্তাব করলে এ নিয়ে পক্ষপাতিত্ব হওয়ার আশঙ্কা থেকে এমন অভিমত বলে মনে করেন তিনি। প্রধান বিরোধী দল সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করে নাম না দেওয়ার ঘোষণা দিয়েছে। মধ্য ফেব্র“য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন ইসি নিয়োগ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে আপিল বিভাগের সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। রোববারের মধ্যে সংশ্লিষ্টদলগুলোকে নাম দেওয়ার আহ্বান জানালেও কোনো সাড়া না পাওয়ায় এ সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়। মেননের বক্তব্যকে সমর্থন করে হাসানুল হক ইনু একই মত দিয়ে জানান, সোমবার তার দলের পক্ষ থেকে সার্চ কমিটিতে নাম পাঠানো হবে। প্রধানমন্ত্রী ১৪ দলের সদস্যদের কাছ থেকে কোনো নাম দেখতে ও শুনতে চাননি বলে জানান ইনু। প্রধানমন্ত্রী কারো নাম প্রস্তাব না করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে সার্চ কমিটিতে নাম দেওয়া হবে বলে জানা গেছে। সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ১৪ দলের সঙ্গে আলোজনা করে সার্চ কমিটিতে নাম পাঠানো হবে সোমবার। আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে প্রধান হুইপ আব্দুস শহীদ জানান, ১৪ দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। “রাষ্ট্রপতির সার্চ কমিটি যখন নাম চেয়েছে সেক্ষেত্রে তার প্রতি সম্মান দেখিয়ে আমাদেরকে নাম দিতে হবে।” প্রধানমন্ত্রীর সামনে ১৪ দলের জ্যেষ্ঠ সদস্যরা সম্ভাব্য ‘নাম নিয়ে’ আলোচনা না করলেও আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে পরস্পর কিছু নাম নিয়ে মত বিনিময় হয়েছে বলে জানান মেনন। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি পাঁচ জনের নাম দেবে। বর্তমান ইসিকে পুনর্বহাল বা তাদের কারো নাম প্রস্তাবে রয়েছে কি না জানতে চাইলে মেনন ও ইনু বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত অবশ্য বলেছিলেন, ইসি পুনর্বহালে কোনো আইনি জটিলতা নেই। মহাজোটের শরিক জাতীয় পার্টি বর্তমান ইসির পক্ষে মত দেবে বলে ইতোমধ্যে জানিয়েছে। রোববার সন্ধ্যায় জাপার আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সোমবার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে সার্চ কমিটিতে নাম জমা দেব।” ২৩ ডিসেম্বর সার্চ কমিটি গঠনের পর ১০ কার্য দিবসের মধ্যে নতুন ইসির সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০০৯ ঘ.