ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র দূতাবাসের পৃষ্ঠপোষকতায় সোমবার থেকে চট্টগ্রামে তিন দিনব্যাপী আমেরিকা সপ্তাহ পালন করা হবে।
রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকা সপ্তাহে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নাগরিকদের মধ্যকার সম্পর্কের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
৩০ জানুয়ারি থেকে ১ ফেব্র“য়ারি পর্যন্ত এ আয়োজনে নেতৃত্ব দেবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
‘একসঙ্গে এগিয়ে চলা’ প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাওয়া এবারের আমেরিকা সপ্তাহে গত ৪০ বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক ও উন্নয়ন সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে যেসব কর্মসূচি হয়েছে ও চলছে সেগুলোও এখানে তুলে ধরা হবে।
দর্শকরা সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, মার্কিন ভিসার জন্য আবেদন অথবা যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থানরত মার্কিনীরা পাসপোর্ট নবায়ন, ভোটের জন্য নিবন্ধন ও কনস্যুলার সংক্রান্ত অন্যান্য সেবা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এসব বিষয়ের জন্য বিভিন্ন বুথ ও প্রদর্শনীর বেশিরভাগই চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়াম কমপ্লেক্সে হবে।
৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বুথগুলো খোলা থাকবে। পরের দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বুথের কার্যক্রম। প্রতিটি আয়োজন দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৩০ ঘ.
bdnews24