২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছয় ওয়ার্ডে ইভিএম: সাখাওয়াত

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সফল ব্যবহারের পর ঢাকায় তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সফল ব্যবহারের পর ঢাকায় তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার। কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটিতে তিনটি করে মোট ছয়টি ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হবে। সাখাওয়াত বলেন, “ঢাকায় বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণ সম্ভব নয়। তাই ছোটো পরিসরে ইভিএমে ভোট হবে।” তিনি জানান, উত্তরের গুলশান ও দক্ষিণের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি করে সংরক্ষিত ওয়ার্ডে ইভিএম ব্যবহার হবে। এতে প্রায় এক হাজার ইভিএম লাগবে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে সংশোধন আসার পর ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে আগামী মে মাসের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামী মাসে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলেও সিটি কর্পোরেশন এলাকায় তা শেষ ধাপে হবে বলে জানান এম সাখাওয়াত। “২০১০ সালের ভোটার তালিকা দিয়েই ডিসিসি নির্বাচন হবে,” বলেন তিনি। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতির কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২৩১৪ ঘ.