২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারের দেয়াল ভেঙেছে শিবির

রংপুর কারমাইকেল কলেজে শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনীর দেওয়াল গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

রংপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজে শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনীর দেওয়াল গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার ভোরে শিবির সমর্থকরা এ ঘটনাটি ঘটায় বলে জানান কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার থেকে কলেজে শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনীর সীমানা দেয়ালের নির্মাণ কাজ শুরু হয়। শনিবার শিবিরের কলেজ শাখা সভাপতি পলাশ তাকে মোবাইল ফোনে নিরাপত্তা বেষ্টনী দিতে নিষেধ করেন। “শুধু তাই নয়, কথা না শুনলে বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়ারও হুমকি দেন শিবির সভাপতি পলাশ,” বলেন অধ্যক্ষ। অধ্যক্ষ অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে শিবির ক্যাডাররা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। অথচ বলার পরও ক্যাম্পাসে এখনো পুলিশ দেওয়া হয়নি। রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে শিবির নেতাকর্মীদের বিরুদ্ধেথানায় একটি মামলা দায়ের করেছেন। তবে তিনি আসামিদের নাম জানাননি। রংপুর রেঞ্জের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা বলেন, কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিশেষ করে অধ্যক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় পুলিশ সুপার সালেহ মো. তানভীর নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, “আমরা তো পুলিশ ফোর্স দেব না বলিনি। ফোর্স পাঠাবো।” এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে ছাত্র শিবিরকে কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০১০ ঘ.