ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত মদ ও পানীয় আমদানি ও বিক্রির ক্ষেত্রে কাস্টমস আইন যথাযথভাবে অনুসরনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
আইন সচিব, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যানসহ ১৩ জনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ ডিসেম্বর দৈনিক যুগান্তরে ‘হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার : এনবিআর নির্বিকার’ শীর্ষক একটি প্রতিবেদনের ভিত্তিতে সকালে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে হাইকোর্টে রিট করে।
ওই প্রতিবেদনে বিষয়ে তদন্তে ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করতে অর্থ সচিব ও এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে অতিরিক্ত অর্থ সচিব, এনবিআরের একজন সদস্য, বাণিজ্য ও আইন মন্ত্রণালয়ের একজন করে উচ্চ পদস্থ কর্মকর্তা, কাস্টমস গোয়েন্দা বিভাগের একজন প্রতিনিধিসহ মোট পাঁচ জনকে রাখতে বলা হয়েছে। তদন্ত করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।
শুনানিতে বাদিপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশে মাত্র ৭৩০ জন ব্যক্তি ‘প্রিভিলেজড পার্সন’ হিসাবে তালিকাভূক্ত। তাদের জন্য নির্ধারিত অনুমতির চেয়ে অনেক বেশি মদ/পানীয় ডিপ্লোমেটিক বন্ডেড ওয়ারহাউজের অধীনে আমদানি করা হচ্ছে। এতে সরকারের শত কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
২০০৮ থেকে ২০১১ পর্যন্ত সময়ে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়ারহাউজের অধীনে কী পরিমাণ মদ বা পানীয়, কী দামে আমদানি করা হয়েছে তার একটি তালিকা তৈরি করে ১ মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেয় আদালত।
মদ কেনায় বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা করে দুই মাসের মধ্যে আদালতে জমা দিতেও এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৮৪৫ ঘ.
bdnews24