ঢাকা জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আরো দুদিন সার্চ কমিটিতে নাম পাঠাতে পারবে রাজনৈতিক দলগুলো।
রোববার সুপ্রিম কোর্ট ভবনে সার্চ কমিটির বৈঠকের পর সদস্য মহা হিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের জানান, “রোববার বিকাল ৩টার মধ্যে দলগুলোর কাছে অনধিক পাঁচটি করে নাম দিতে অনুরোধ করা হয়েছিল। এই সময় আরো দুদিন বাড়ানো হয়েছে।”
অর্থাৎ রাজনৈতিক দলগুলো মঙ্গলবার পর্যন্ত তাদের পছন্দের ব্যক্তির নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করতে পারবে। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ নামের তালিকা পাঠাতে হবে।
কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কক্ষে এ বৈঠকে কমিটির সদস্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. নূরুজ্জামান ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
গত ২৫ জানুয়ারি কমিটির প্রথম বৈঠকে দলগুলোর কাছে নাম চাওয়ার এই সিদ্ধান্ত হয়।
ওই সভায় এ পর্যন্ত সরকারের অবসরপ্রাপ্ত সব মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্যসচিবের নামের তালিকা কমিটির কাছে পাঠাতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়। একইভাবে সুপ্রিম কোর্টের নিবন্ধকের কাছে অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের নামের তালিকা চাওয়া হয়।
এছাড়া সার্চ কমিটির সদস্যরা নিজ বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নাম সংগ্রহ করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর স¤প্রতি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন। প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে গেলেও জানিয়েছে, তারা সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব করবে না।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে শেষ হবে। সংবিধান অনুসারে এর আগেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন ইসি নিয়োগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৫০ ঘ.
bdnews24