চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার চট্টগ্রামে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এতে বাধা এলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন নেতারা।
নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার নগরীর নাসিমন ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের সোমবারের কর্মসূচি অব্যাহত থাকবে।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ একই দিনে সমাবেশ ডাকে। এই পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশ রোববার ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করলে দুই দলই তাদের কর্মসূচি এক দিন করে পিছিয়ে দেয়।
এই পরিপ্রেক্ষিতে ঢাকার মতো চট্টগ্রামেও রোববারের পরিবর্তে সোমবার গণমিছিল করার ঘোষণা দেয় নগর বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে।
শনিবার দিনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) রোববার সকাল থেকে চট্টগ্রামে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা বললেও রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিএনপির গণমিছিল কর্মসূচিতে বাধার ঘটনায় সকালে দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন।
এ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। এতে দেশের মানুষ ও বিএনপি শঙ্কিত।
নগরীর ডবলমুরিং, পাহাড়তলী ও বাকলিয়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাসায় হামলা চালানো হচ্ছে অভিযোগ করে আমীর খসরু বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি।”
সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “সোমবারের গণমিছিল আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। এতে কোন বাধা এলে এর দায় সরকার ও শেখ হাসিনাকেই নিতে হবে।”
“আমরা মাসল পাওয়ারের রাজনীতিতে বিশ্বাসী নই, আমাদের শক্তি জনগণের। এতে ভীত হয়েই আমাদের গণমিছিলে বাধা দেওয়া হয়েছে”, যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেকমন্ত্রী এম মোরশেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ গাজী শাজাহান জুয়েল, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন চলাকালে নগরীর নাসিমন ভবনস্থ ধলীয় কার্যালয়ের বাইরে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৩৩ ঘ.
bdnews24