ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ডিগ্রি অর্জনকে নিজেদের ‘একমাত্র লক্ষ্য’ না ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ব মানের শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডিইউটিএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দপ্তরে দেখা করতে গেলে এ আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পুনর্নির্বাচিত সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বিদেশ থেকে ডিগ্রি অর্জন আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিশ্বব্যাপী সমুন্নত রাখতে আপনাদের গুণগত শিক্ষা প্রদান করতে হবে।”
সাক্ষাতে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে গবেষণা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো বঙ্গবন্ধু ওভারসিজ ফেলোশিপ চালুর ঘোষণা দিয়েছেন বলে জানান আনোয়ার হোসেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে উচ্চতর গবেষণার জন্য ১১ কোটি ৬৫ লাখ টাকা তহবিল নিয়ে এ ফেলোশিপ চালু করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করা হয়।
“এবার শিক্ষকদের প্রস্তাবিত ২৭ কোটি ২৫ লাখ টাকার তহবিল দিয়ে ওই ফেলোশিপ আবার চালু করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন,” বলেন শিক্ষক সমিতির সভাপতি।
বিশ্ববিদ্যালয়কে স্বনির্ভর করতে একটি ট্রাস্ট ফান্ড গঠন এবং অ্যালামনাই সদস্য ও সমাজের বিত্তশালীদের কাছ থেকে তহবিল সংগ্রহে শিক্ষকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও গবেষণার জন্য এবারই প্রথমবারের মতো ১২ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে একশ’ কোটি টাকা করা হয়েছে।
এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ডিগ্রি পর্যায় পর্যন্ত লেখপড়ার ব্যয় নির্বাহে বৃত্তি দিতে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও ডিইউটিএ সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহেদুজ্জামান চাঁন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/১৮২৫ ঘ.
bdnews24