২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে নিয়োগের প্রশ্ন ‘ফাঁস’ তদন্তে কমিটি

পরীক্ষার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রামে দুটি পদে নিয়োগের প্রশ্নপত্র উদ্ধার হওয়ার ঘটনা তদন্তে শনিবার কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার আগে দুটি স্থানে প্রশ্নপত্র উদ্ধার হওয়ায় খাদ্য অধিদপ্তরের দুটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’র ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে খাদ্য বিভাগ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে শনিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়। তদন্ত কমিটিতে খাদ্য বিভাগের অতিরিক্তি সচিব আব্দুল আউয়াল হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন খাদ্য বিভাগের উপসচিব আতাউর রহমান ও অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল হাসান। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এবং নিুমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য শুক্রবার ২১টি জেলায় পরীক্ষা হয়। এর মধ্যে ঢাকাসহ কয়েকটি এলাকায় পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্রসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়। শুক্রবার ভোরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রশ্নপত্রসহ আটক করা হয় আট জনকে। উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু মিল পাওয়া গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও কুড়িগ্রামের জেলা প্রশাসক। সহকারী উপখাদ্য পরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে ২ লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী ছিলেন। বিডিনিউজ টোয়ে্িন্টফোর ডটকম/এমকে/আরএ/১৬২৩ ঘ.