২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীণাপানির আরাধনা, সঙ্গে হাতেখড়ি

“সনাতন ধর্ম মতে ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। দেবীর একহাতে পুস্তক, আর অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। তার বাহন সাদা রাজহাঁস।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুনদের হাতেখড়ি, ভক্তি ও আরাধনার সঙ্গে আনন্দ আর উদ্দীপনায় সারাদেশে চলছে সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞান লাভের জন্য মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এ পূজা পালন করে। তবে সরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। সরস্বতী পূজার মূলপর্ব হলো ‘বাণী অর্চনা’। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষ এতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদালয়ের জগন্নাথ হলের পুরোহিত সাধান চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সনাতন ধর্ম মতে ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। দেবীর একহাতে পুস্তক, আর অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। তার বাহন সাদা রাজহাঁস।” ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল দেশে এ পূজার মূল কেন্দ্র বলে বিবেচিত হয়ে আসছে। এবার জগন্নাথ হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫২টি পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সাজে। জগন্নাথ হলে ভোরবেলা থেকেই শিক্ষার্থীরা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেওয়া শুরু করেন। এ পর্ব শেষে সারাদিন ধরে চলছে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিদ্যাদেবীর আরাধনা। বেগম রোকেয়া, শামসুন্নাহার, ফজিলাতুন্নেছা মুজিব ও কুয়েত মৈত্রী হল এবং ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, রামকৃষ্ণ মিশন ও বাংলাদেশ সচিবালয়েও আলাদাভাবে সরস্বতী পূজা চলছে। হাতেখড়ি বিদ্যাদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি নতুনদের দেওয়া হয় হাতেখড়ি। দেবীর পূজায় পুরোহিত মস্ত্র পাঠ করিয়ে শিশুদের হাতে কাশ ফুলের কলম ও রূপক দোয়াত তুলে দেন। ওই কলম দিয়ে একটি মাটির সরায় (পাত্র) লেখার মাধ্যমে আনুষ্ঠানিক লেখা-পড়া শুরু করে শিশু। একেই বলা হয় হাতে খড়ি দেওয়া। সরস্বতী পূজার দিনে জগন্নাথ হলে শত শত শিশুর হাতেখড়ি হয়। এদেরই একজন হলো ধানমণ্ডি থেকে আসা অন্তু। তার বাবা অনিল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের আচার। মা সরস্বতীর কাছ থেকে ছেলের হাতেখড়ি নিয়ে গেলাম যাতে ও ভবিষ্যতে সে ভালো ছাত্র হতে পারে।” ‘সবচেয়ে উঁচু প্রতিমা’ অন্য বছরের মত এবারও জগন্নাথ হলের পুকুরের মাঝে দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করেছে চারুকলা অনুষদ। ৩৫ ফুট উঁচু প্রতিমাটি তৈরি করা হয়েছে পাট দিয়ে। বিশ্বে এতোবড় সরস্বতী প্রতিমা আর তৈরি হয়নি বলে দাবি করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এই অনুষদের চঞ্চল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৫ জন কর্মী এক মাস ধরে কাজ করে এ প্রতিমা তৈরি করেছেন। “আমরা মনে করি, এটাই বিশ্বের সবচেয়ে বড় সরস্বাতী প্রতিমা। আমরা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এ প্রতীমার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৩২০ ঘ.