বরগুনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দন্ডিতের সঙ্গে নামের মিল থাকায় কোনো অপরাধ না করেও পাঁচ মাস কারাভোগ করেছেন বরগুনায় তরুণ রিয়াদ পারভেজ রাসেল।
রাসেল বরগুনা পৌর শহরের আমতলা সড়কের দিনমজুর আবদুল খালেকের ছেলে। ২০১০ সালে এসএসসি পাশ করে তিনি উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিস কাজ নেন।
গত বছরের ৩০ অগাস্ট র্যাব তাকে গ্রেপ্তার করে। আদালতের আদেশে বুধবার তিনি পিরোজপুর কারাগার থেকে মুক্তি পান।
রাসেলের পরিবার তার এ ভোগান্তির জন্য পুলিশকে দায়ী করলেও পুলিশ বলছে, তার স্বজনরা সঠিক প্রমাণ উপস্থাপন করতে না পারার কারণে রাসেলের এই কারাভোগ।
র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক লে. মোহাম্মদ নূর-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাসেলকে সন্দেহজনক আসামি হিসেবে থানায় সোপর্দ করা হয়েছিল। তিনি দ-িত আসামি না হলে যাচাইবাছাই শেষে থানা থেকে ছেড়ে দেওয়া যেত।”
অপরদিকে বরগুনা থানার উপ-পরিদর্শক আবু হানিফের দাবি, দ-িত রাসেল ও গ্রেপ্তার হওয়া রাসেল যে একই ব্যক্তি নন সেটি রিয়াদ পারভেজ রাসেলের আত্মীয়-স্বজন তাৎক্ষণিকভাবে প্রমাণ করতে পারেনি বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ছাড়া কোনো উপায় ছিল না।
মুক্তি পাওয়ার পর রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার জাতীয় পরিচয়পত্র জমা দিলে পুলিশ তা গ্রাহ্য করেনি।
তিনি বলেন, ২০১০ সালে এসএসসি পাশ করার পরে এইচএসসিতে ভর্তি হলেও অভাবের কারণে আর লেখাপড়া করা হয়নি। পরে ন্যাশনাল সার্ভিসে চাকরি পান। বরগুনা সদর উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিস ছিল তার কর্মস্থল।
গত ঈদুল ফিতরের কয়েক দিন আগে রাসেল জানতে পারেন র্যাব-৮ সদস্যরা তাকে খুঁজছে। তাই গত ৩০ অগাস্ট বিকালে নৌবাহিনীতে কর্মরত তার বন্ধু ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে রাসেল বরগুনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে যান। সেখানে র্যাব তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে তিনি জানতে পারেন, পিরোজপুরের মঠবাড়িয়া থানার বকসির ঘটিচোরা গ্রামের ফাতেমা বেগমের নারী নির্যাতন ও যৌতুক মামলায় ২০০৯ সালের ২১ জুলাই বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামের আবদুল খালেক খানের এক ছেলে ও মেয়েকে ১২ বছর করে কারাদ- এবং ছোট ছেলে রাসেলকে ৩ বছর কারাদ- দিয়েছে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
দ-িত রাসেলের সঙ্গে নির্দোষ রাসেলের শুধু নিজের নাম মিলেছে তা নয়, তাদের বাবার নামেও মিল আছে। তাবে ঠিকানায় মিল নেই।
দ-িত রাসেলের বাবা আবদুল খালেক খান সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার প্রহরী। অপরদিকে নির্দোষ রাসেলের বাবা আবদুল খালেক দিনমজুর ।
রাসেল আরো জানান, বিনাদোষে হাজতবাস ছাড়াও তার মুক্তির জন্য দেড় লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এছাড়া ন্যাশনাল সার্ভিসের বেতন থেকেও বঞ্চিত হয়েছেন।
রাসেলের বাবা দিনমজুর আবদুল খালেক এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
যে মামলায় রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে তার বাদী ফাতেমা বেগম আদালতে এই রাসেল প্রকৃত আসামি নন বলে শনাক্ত করলে তিনি ছাড়া পান।
ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে রাসেল কারাবাস করেছেন তিনি তার মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। তিনি আদালতে উপস্থিত হয়ে তা জানান।
এরপর পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত বুধবার রাসেলকে বেকসুর খালাশের আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24