বগুড়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুল বড় রাখার অভিযোগে বগুড়ার একটি প্রতিষ্ঠানে ৩০ জনের মতো ছাত্রের মাথার বিভিন্ন স্থানের চুল কেটে শাস্তি দেওয়া হয়েছে। মাপ ঠিক না থাকায় কাটা হয়েছে অনেকের শার্ট।
বৃহস্পতিবার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
চুল ছোট করার নির্দেশ দেওয়ার পর তা বাস্তবায়নের অংশ হিসেবে শ্রেণীকক্ষে নাপিত এনে একাদশ শ্রেণীর ৩০ জনের মতো ছাত্রের চুল কেটে দেওয়া হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
অধ্যক্ষ আব্দুল মান্নানের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই বিষয়ে শিক্ষার্থীদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে চুল ও শার্ট কাটা হয়েছে কি না, তা তার জানা নেই।”
শিক্ষার্থীরা বলেন, কারো মাথার পেছনে আবার কারো মাথার ওপরে কিছু অংশের চুল কেটে দেওয়া হয়।
তারা জানায়, কয়েকদিন আগে অধ্যক্ষ মাথার চুল ছোট রাখার জন্য একাদশ শ্রেণীর ক্লাসে মৌখিকভাবে বলে গিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার উপাধ্যক্ষ রবিউল ইসলাম নাপিত এনে মাথার চুল বড় ছিল এমন অন্তত ৩০ জনের মাথার চুল কেটে দেন।
শিক্ষার্থীরা এই অভিযোগ করলেও ভর্তি বাতিলের ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি। একই কারণে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, এভাবে শাস্তি দেওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে।
এ বিষয়ে কথা বলতে উপাধ্যক্ষ রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/০১১১ ঘ.
bdnews24