ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের আট দিন পর মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদ বাছেদ (৩৫) নামে ওই ব্যক্তির লাশ শুক্রবার সন্ধ্যায় বছিলা রাজধানী উদ্যানে গর্ত খুঁড়ে বের করা হয় বলে পুলিশ জানিয়েছে। বাছেদ গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।
বাছেদকে হত্যার জন্য তার পরিবার ব্যবসায়িক অংশীদার শরীফের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। শরীফ গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
বাছেদ ও শরীফের ‘এসবি ইলেট্রনিক্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যৌথমালিকানা রয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় স্থানীয়রা উদ্যানে বালুর ভেতর থেকে শরীরের একটি অংশ বের হতে দেখে পুলিশকে খবর দেয়। তখন পুলিশ গিয়ে খুড়ে গলিত লাশটি বের করে, যা সনাক্ত করে বাছেদের আত্মীয়স্বজন।
বাছেদ নিখোঁজের পর মোহাম্মদপুর থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং পরে শরীফকে আসামি করে একটি মামলা হয়। মামলার পরপরই পুলিশ শরীফকে গ্রেপ্তার করে রিমান্ডে আনে।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি শরীফ।
জিজ্ঞাসাবাদে শরীফ জানিয়েছেন, বাছেদকে তিনি বাসা থেকে ডেকে নিলেও কাজ সেরে বাছেদ বাড়ির পথে রওনা হয়। এরপর তিনি তার আর কোনো খবর তিনি জানেন না।
তবে বাছেদের খালাত ভাই জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইকে শরীফই অপহরণ করে হত্যা করেছে। তাকে আবার রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৫৮ ঘ.
bdnews24