প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে বাধা সৃষ্টি হয়, এমন কোনো আইন না করতে আবার সরকারের দ্বারস্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশন বলছে, প্রস্তাবিত বিলটি পাস হলে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা হারাবে।
এ নিয়ে মঙ্গলবার আইনমন্ত্রীর কাছে কমিশনের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা দেখা করেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। একই বিষয় নিয়ে আগেও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তারা।
গত বছরের ২৮ ফেব্র“য়ারি বিচারক, বিচার কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
এছাড়াও দুদকে কেউ মিথ্যা অভিযোগ দিলে অভিযোগকারীর পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয় ওই বিলে।
এরপর ২৩ মার্চ এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুদক চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা।
ওই বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেছিন, “সরকার দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তাদের স্বাধীনতা খর্ব হয় এমন আইনও করবে না। তবে অন্য কমিশনগুলো যেভাবে একটি আইনি কাঠামোর অধীনে কাজ করে দুদককেও তা করতে হবে।”
তবে প্রস্তাবিত আইনটি পাস হলে দুদকের স্বাধীনতা বলে কিছু থাকবে না বলে মনে করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১১ যেভাবে সংসদে উত্থাপিত হয়েছে তা আমাদের হাত-পা বেঁধে ফেলার মতো।”
“আমরা সরকারকে বলেছি, একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেব দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত কাজে যাতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হয়; এমন কোনো আইন না করতে,” বলেন দুদক চেয়ারম্যান।
তিনি জানান, এমন আইন করা হবে না বলে সরকারের পক্ষ থেকে কমিশনকে আশ্বস্ত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে বিলটি সংসদে আনা হয়েছে; তা পর্যালোচনার জন্য শিগগিরই একটি বিশেষ বৈঠক করা হবে।”
তবে গত ১৭ জানুয়ারিতে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সিদ্ধান্ত হয়েছে, কমিটির পরবর্তী বৈঠকে বিলটির বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হবে।
২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন হওয়ার পর এ পর্যন্ত দুই বার তা সংশোধন করা হয়েছে। দুটোই হয়েছিল সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকার আমলে।
দুদক আইনের সংশোধনী বিষয়ে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইব) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদককে শক্তিশালী করতে এই সংক্রান্ত আইনটি যুগোপযোগী করতে হবে।
“তবে এখন আইন সংশোধনের জন্য যে খসড়া সংসদে উপস্থাপন করা হয়েছে; তা পাস হলে দুদক দুর্নীতি প্রতিরোধে কোনো কাজে আসবে না।”
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। তবে ওই সরকার আমলে প্রতিষ্ঠানটির কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীসহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় উঠে আসে দুদক। তবে রাজনীতিকদের হয়রানি করতে তখন দুদককে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০৩০ ঘ.
bdnews24