২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণ ছাত্রলীগ নেতার

পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

বরিশাল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় এই ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুজ্জামান বলেন, সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ৩০৩ নম্বর কক্ষের দুই পরীক্ষার্থী সুমন (রোল নং-৫৫০০৩০৫৮২) ও অলক (৫৫০০৩০৫৮৩) পরীক্ষা শুরুর পরপরই মোবাইল ফোনে কথা বলছিলেন। “হাতেনাতে আটক এই দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে হল থেকে বের করে দেওয়া হয়। “এই ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে এসে দু’জনের উত্তরপত্র ফিরিয়ে দেওয়ার দাবি করে। উত্তরপত্র ফিরিয়ে না দেওয়ায় ছাত্রলীগ নেতারা উপাধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করে।” উপাধ্যক্ষ সচীন কুমার রায় বলেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিক্ষকদের অশ্লীল গালাগাল দেয়। তিনি অভিযোগ করেন, “পাপ্পা এক পর্যায়ে ক্ষুব্ধ ভঙ্গিতে আমার দিকে তেড়ে আসে।” এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা আবিদ ও তার বড় বোন সরকারি বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা ফাতেমা মমতাজ মলি, অপর যুগ্ম আহ্বায়ক শুভ সেন উপস্থিত ছিলেন বলে জানান উপাধ্যক্ষ। মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, “কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাপ্পার ভাগ্নেকে কোনো অপরাধ ছাড়াই পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়। আমরা তাদের উত্তরপত্র ফিরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের কাছে অনুরোধ করেছিলাম মাত্র।” চঞ্চল দাস পাপ্পার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.