ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের পাশে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ১২ নাগরিক।
ওই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অন্য কোথায় স্থান নির্বাচনের পরামর্শ দিয়েছেন বিবৃতিদাতারা। তারা বলছেন, বনের পাশে কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- আইন ও সালিশ কেন্দ্রর নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার মহাসচিব এম এ মতিন, পবার চেয়ারম্যান আবু নাসের, ব্লাস্টের পরিচালক সারা হোসেন, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, এ্যাকশনএইড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ফারাহ কবির এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
১২ নাগরিকের পক্ষে শুক্রবার এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন ইফতেখারুজ্জামান।
সরকার বাগেরহাটের রামপাল উপজেলায় ১৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের এনটিপিসির সঙ্গে আগামী ২৯ জানুয়ারি চুক্তি সই করতে যাচ্ছে।
তা না করতে এই বিবৃতিতে আহ্বান জানিয়ে বলা হয়, “বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রামপাল উপজেলাকে নির্বাচিত করায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়েছে।”
বিবৃতিদাতারা বলেন, সরকার প্রাথমিক পরিবেশগত প্রতিবেদনের ভিত্তিতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অবস্থানগত ছাড়পত্র দিলেও প্রকল্প এলাকা সুন্দরবনের পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকার চার কিলোমিটারের মধ্যে এবং সুন্দরবনের সীমানা থেকে ১০ কিলোমিটার বাফার জোনের মধ্যে অবস্থিত।
আইন অনুযায়ী শিল্প এলাকা বা শিল্পসমৃদ্ধ এলাকা ছাড়া এরূপ প্রকল্পের ছাড়পত্র দেওয়ার এখতিয়ার পরিবেশ অধিদপ্তরের নেই বলেও জানানো হয় বিবৃতিতে।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে নির্গত কার্বন এবং ছাইভষ্ম এবং তরল বর্জ্য ছড়িয়ে পড়ে সুন্দরবনের প্রতিবেশকে হুমকির মুখে ঠেলে দেবে বলেও মনে করছেন নাগরিকরা। তাই এই বিদ্যুৎ কেন্দ্র অন্য স্থানে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯১৫ ঘ.
bdnews24