২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাঁটছে’ না হালিমের সংসার

মাথায় বল নিয়ে হাঁটার কসরত দেখিয়ে গিনেজ বুকে নাম ওঠাতে পারলেও ভালো চলছে না মাগুরার আব্দুল হালিমের সংসার। অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয় যোগাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাকে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মাগুরা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথায় বল নিয়ে হাঁটার কসরত দেখিয়ে গিনেজ বুকে নাম ওঠাতে পারলেও ভালো চলছে না মাগুরার আব্দুল হালিমের সংসার। অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয় যোগাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাকে। বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটার জন্য মঙ্গলবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে হালিমের নাম ওঠে। গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার ওই কসরতের সাক্ষী ছিলেন কয়েক হাজার দর্শক। তবে ইউটিউবের বদৌলতে এখন সে সংখ্যা লাখ পেরিয়ে কোটিতে। বৃহস্পতিবার মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে হালিমের বাড়িতে গিয়ে দেখা গেল অনেক মানুষের ভিড়। গিনেজ রেডর্কের কথা যারা জীবনেও শোনেননি, তারাও এসেছেন দেখতে। শুধু হাসি নেই হালিমের মুখে। তিনি জানালেন, প্রায় দুই বছর আগে তার বড় ছেলে সুমন অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সুমনের বোন-টিবি হয়েছে। চিকিৎসাও চলছিলো। কিন্তু সুমনের ডান পা ঠিক মতো বাড়ছে না। এখন বাম পায়ের চেয়ে ডান পা প্রায় ৩ ইঞ্চি ছোট। ফলে হাঁটতে সমস্যা হয় তার। “মাথায় বল নিয়ে হাঁটার কসরত দেখিয়ে রেকর্ড গড়লাম, অথচ ছেলেই আজ হাঁটতে পারছে না! আমার হাড় ক্ষয়ে গেলেও মনকে বোঝাতে পারতাম”, দীর্ঘশ্বাস ফেলে বলেন হালিম। চিকিৎসকরা জানিয়েছেন, সুমনের কোমরের হাড় ক্ষয়ে যাওয়ায় ডান পা বাড়ছে না। তার দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। এ জন্য দরকার দুই লাখ টাকার বেশি। “আমার সম্বল বলতে বসতভিটার ১৬ শতক জমি। ওতেই জরাজীর্ণ খুপরি ঘরে স্ত্রী ছেলেপুলে নিয়ে থাকি। ছেলের চিকিৎসার খরচের ভারে আজ আমার সংসারই চলছে না।” গিনেজ বুকে নাম ওঠার দিনটিতেও ছেলের চিকিৎসা আর পাসপোর্ট নিয়ে সারাদিন যশোরে ছোটাছুটি করতে হয়েছে বলে জানান হালিম। স্ত্রী নাছিমা বেগম, দুই সন্তান সুমন ও শাহিন এবং বৃদ্ধ বাবা ছানাউল্লাহকে নিয়ে হালিমের সংসার। অভাব-অনটনের মধ্যেই ফুটবলের নানা কলাকৌশল রপ্ত করেছেন তিনি। মাত্র ১০ বছর বয়সে মাকে হারান হালিম। দারিদ্র্যকে সঙ্গে নিয়েই তোর বেড়ে ওঠা। দু’মুঠো খাবার জোটাতে বাবার সঙ্গে অন্যের জমিতে কামলাও খাটতে হয়েছে। কখনো কাজ করেছেন রাজমিস্ত্রীর সহকারী হিসেবেও। হালিম জানান, ওই কঠিন সময়েও ফুটবলের প্রতি তার প্রবল আকর্ষণে ভাঁটা পড়েনি। “স্বপ্ন ছিলো বড় ফুটবলার হওয়ার। তাই সুযোগ পেলেই স্থানীয় মাঠে ফুটবল খেলা দেখতে যেতাম। ৯২ সাল থেকে মাথায় ফুটবল রাখার চেষ্টা শুরু করি। দু’বছরের চেষ্টায় অনেকটা সফলও হই।” সেই থেকে কাজের ফাঁকে ফাঁকে চলতে থাকে অনুশীলন। এক সময় ফুটবল মাথায় নিয়ে হাঁটা, সাইকেল চালানো, গাছে ওঠা, সাঁতার কাটা, একসঙ্গে ১১টি বল নিয়ে নানা কসরতসহ অর্ধশতাধিক খেলা আয়ত্ত করেন হালিম। মাথায় বল নিয়ে হাঁটার ক্ষেত্রে মালয়েশিয়ার ই মিং লুর গড়া রেকর্ড ভাঙতে হয়েছে হালিমকে। ই মিং বল নিয়ে ১১ দশমিক ১২ কিলোমিটার হেঁটে গিনেজ বইয়ে নাম তুলেছিলেন। গিনেজ বইয়ে নাম ওঠার পর এখন হালিমের চোখে নতুন স্বপ্ন- বল মাথায় হাঁটবেন ২৫ কিলোমিটার, যেন সহজে কেউ ছুঁতে না পাড়ে সেই রেকর্ড। তবে তার আগে তার চাই ছেলের চিকিৎসা আর সংসার চালানোর মতো নিয়মিত আয়ের সংস্থান। বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএআর/এএল/১৪৩৮ ঘ.