ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য বিভাগের সহকারী উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করা হয়েছে। প্রক্টর জানিয়েছেন, তাদের কাছ থেকে উদ্ধার করা প্রশ্ন মিলে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল থেকে বৃহস্পতিবার গভীর রাতে দুই সেট প্রশ্নপত্রসহ দুই ছাত্রকে আটক করেন ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী। পরে তাদের শাহবাগ থানায় দেওয়া হয়।
আটক ছাত্ররা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও দর্শন বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ইসমত মেজবাহউদ্দিন।
শুক্রবার সকাল ১০টায় থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজারের মতো।
আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবাসিক ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে রাত ২টার দিকে জসীমউদ্দীন হলে অভিযান চালানো হয়। সেখান থেকে খাদ্য বিভাগের কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ‘শাপলা’ ও ‘গোলাপ’ সেটের প্রশ্নপত্রসহ দুই জনকে আটক করা হয়।
রাতেই বিষয়টি খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের জানানোর চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
ভারপ্রাপ্ত প্রক্টর অভিযোগ করেন, সকালে পরীক্ষা শুরুর আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বরুণ মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুর্ব্যবহার করেন।
বেলা সাড়ে ১১টার দিকে আমজাদ আলী বলেন, “পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে দেখা হয়েছে। উদ্ধার করা প্রশ্নের সঙ্গে এর মিল রয়েছে।”
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতে দু’জনকে থানায় দিয়েছে। ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে কথা পলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এএল/জেকে/১২৩৮ ঘ.
bdnews24