ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য ফেব্র“য়ারি থেকে মোবাইল ফোনের মাধ্যমেই পাবেন গাড়িমালিক, তবে এ ক্ষেত্রে তাকে রবি অজিয়াটা মোবাইল সংযোগ ব্যবহার করতে হবে।
এ সেবার মাধ্যমে মালিক গাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যেমন- ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর ও ইঞ্জিনের সত্যতা যাচাইসহ ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ট্রাফিক মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।
যানবাহনের স্বত্ত্বাধিকারীরা ৮৭৮৭ শর্টকোড-এ এসএমএস করে গাড়ির তথ্য জানতে পারবেন। রিকন্ডিশন্ড গাড়ি কেনার ক্ষেত্রে এসএমএস সার্ভিসের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
এছাড়া রবি সংযোগসম্পন্ন মোবাইল ফোন বা রবি সেবা পয়েন্টে এই সার্ভিসের আওতায় জরিমানার টাকা জমা দেওয়া যাবে। জরিমানার টাকা জমা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সব কাগজপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ঠিকানায় পৌঁছে যাবে।
ই-ট্রাফিক প্রকল্পের আওতায় এসব সেবা দিতে বৃহস্পতিবার হোটেল রুপসী বাংলায় রবি অজিয়াটা লিমিটেডের সঙ্গে মহানগর পুলিশের একটি চুক্তি হয়।
এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে গাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত আইন লঙ্ঘনের সব ঘটনার নিষ্পত্তি করা যাবে বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অন লাইনে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা তাদের ডিভাইসের মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত মামলার তথ্য যুক্ত করবেন। ডিভাইসের মাধ্যমে কোনো গাড়ির তথ্য সংযোজন করা হলে ওই গাড়ি সংক্রান্ত সব তথ্য প্রতিবেদন আকারে পাওয়া যাবে। এর মাধ্যমে ডাটা বেইজের তথ্য বিশ্লেষণ করে ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের (টিআই) কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে।
জরিমানা পরিশোধের পর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে কাগজপত্র পাঠানো হবে নামমাত্র মূল্যে।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও রবির মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/২১৪৮ ঘ.
bdnews24