চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ কর্মচারীকে মারধরের জের ধরে বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) থেকে মালামাল সরবরাহ (ডেলিভারি) বৃহস্পতিবার তিন ঘণ্টা বন্ধ ছিল।
দুপুর দেড়টার দিকে সিসিটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের কর্মচারী জাকির হোসেনের ‘অতিরিক্তি অর্থ দাবি করা’ নিয়ে আজিম গ্র“পের সিঅ্যান্ডএফ কর্মচারী মোশারফ হোসেন ফিরোজকে মারধর করলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজ বন্ধ করে ওই টার্মিনালে মিছিল করে।
পরে বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন এবং সাইফ পাওয়ার টেকের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের পর বিকাল ৫টা থেকে ওই টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি শুরু হয়।
কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে সিসিটি’র ‘সিএফএস’ শেড থেকে নির্ধারিত মাশুল দিয়ে আজিম গ্র“পের মোশারফ পণ্য সরবরাহ নিতে চাইলে সাইফ পাওয়ার টেকের জাকির অতিরিক্ত অর্থ দাবি করে।
দিতে না চাইলে আরও কয়েকজন শ্রমিকসহ মোশারফকে মারধর করে জাকির। এ ঘটনা অন্যান্য সিঅ্যান্ডএফ কর্মচারীদের জানালে তারা জড়ো হয়ে মিছিল করে এবং সাইফ পাওয়ার টেকের কর্মচারীর বিচার দাবি করে।
আবুল কাশেম জানান, বৈঠকে বন্দরের পক্ষ থেকে সাইফ পাওয়ারের ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তার বন্দরের ইস্যুকৃত পাস বাতিল করার আশ্বাস দিলে সিঅ্যান্ডএফ কর্মচারীরা বিকাল ৫টার দিকে কাজ শুরু করে।
ওই সময় থেকে সিসিটি থেকে মালামাল সরবরাহ শুরুর বিষয়টি বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিনও নিশ্চিত করেন।
তবে অন্যান্য টার্মিনাল ও জেটিতে কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৭ ঘ.
bdnews24