২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে বেত্রাঘাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলা

নাটোরে এক ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে শহরের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

নাটোর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে শহরের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা হয়েছে। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নেওয়া হয়েছে। মামলাটি করেছেন উম্মে হাবিবার মা লিজা আক্তার। নাটোরের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদ শিরিন গত বছরের ২ নভেম্বর ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবাকে বেত্রাঘাত করেন। একটি জাতীয় দৈনিকে এ খবর প্রকাশিত হলে ৭ ডিসেম্বর ঘটনার প্রতিকার চেয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে আবুল বাশার একটি রিট আবেদন দাখিল করেন। বিচারপতি ফরিদ আহম্মেদ ও শেখ হাসান আলীর বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি শেষে আদালত পুলিশের আইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, নাটোর জেলার পুলিশ সুপার, নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নাটোর সদর থানার ওসিকে নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এ ছাড়া আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় নাটোর থানাকে। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ২৪ জানুয়ারি তিনি হাইকোর্টের নিদের্শনা ও নোটিস পেয়েছেন। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদ শিরিন দাবি করেন, “ছাত্রীকে বেত্রাঘাত করার কথা সত্য নয়। উম্মে হাবিবা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকতো। সে লেখাপড়ায় অমনোযোগী ছিলো। এ কারণে তাকে বকাঝকা করা হয়েছে মাত্র।” বিষয়টি নিয়ে মীমাংসা করা হয়েছে বলেও জানান তিনি। স্কুল কমিটির সভাপতি সুবল চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা শোনার পর আমি দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৭ ঘ.