গাজীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, ভেজাল খাবার ও ওজনে কম দেওয়া এবং অবৈধ বিদ্যুতের লাইন ব্যবহারের অভিযোগে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তা (উপসচিব) মো. শাহ আলম ও গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডু’র নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে গৌতম ফার্মেসিকে ৫০ হাজার টাকা, খাঁন বেকারিকে ৫ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা ও মোট ৫টি মামলা করা হয়েছে বলে জানান শম্পা কুণ্ডু।
অপরদিকে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ও গাজীপুর পল্লীবিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. খালিদুল ইসলামের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার ও শরীফপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
খালিদুল ইসলাম জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রাহকদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ৯টি মামলা ও ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১২ ঘ.
bdnews24