নাটোর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের ওপর দিয়ে ১২ জেলার বাস চলাচল বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয়েছে।
‘সামির চয়েস’ নামে একটি বাস চলতে না দেওয়ার জের ধরে বুধবার নটোরের ওপর দিয়ে উত্তরবঙ্গের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন ওই বাসের মালিক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এতে নাটোরের ওপর দিয়ে ১২ জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান কবির বলেন, “যাত্রীদের হয়রানির কথা বিবেচনা করে বৃহস্পতিবার দুপুর থেকে নাটোরের ওপর দিয়ে উত্তরের ১২ জেলার বাস আবার চলাচল করতে দেওয়া হয়েছে।”
এর আগে বুধবার রাতে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাস মালিক সমিতির নেতারা বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনায় বসেন। আলোচনায় আগামী কিছু দিনের মধ্যে নাটোরে এ অঞ্চলের ১৬টি জেলার বাস মালিক সমিতির আনুষ্ঠানিক সভা করার সিদ্ধান্ত হয়।
ততদিন পর্যন্ত আগের নিয়মে বাস চলাচল করবে বলে জানান জামিলুর রহমান কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৫ ঘ.
bdnews24