সিলেট, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগের উপর হামলার ঘটনায় ছাত্র শিবিরের আরো দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উসকানিমূলক প্রচারপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে নগরীর বিলপার ও জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে গত ১৪ দিনে ৪১ জন শিবির কর্মীকে গ্রপ্তার করা হলো।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গত ১১ জানুয়ারি শাবিতে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর পুলিশ ও ছাত্রলীগের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন জানান, বিলপার এলাকা থেকে আবদুর রহমানকে (২৮) এবং জালালাবাদ আবাসিক এলাকা থেকে ইউসুফ আলীকে (২১) গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ দু’জন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ধর্মঘট সফল করতে উসকানিমূলক প্রচারপত্র তৈরি ও বিতরণের সঙ্গেও জড়িত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করলে শিবির কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন।
এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি ও ছাত্রলীগের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।
এ ছাড়া ১৬ জানুয়ারি নগরীর টিলাগড় ও খাসদবিরে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ‘অজ্ঞাত পরিচয়’ নেতাকর্মীদের আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহপরাণ ও বিমানবন্দর থানায় দুটি মামলা করে।
অন্যদিকে শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে আসামি করে জালালাবাদ থানায় আরেকটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২৪ ঘ.
bdnews24