২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওসিকে লাশের খবর দিলো ‘খুনি’

ঝিনাইদহে এক যুবককে হত্যা করেছে চরমপন্থীরা। পরে খুনি নিজেই হত্যার খবর জানায় পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঝিনাইদহ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক যুবককে হত্যা করেছে চরমপন্থীরা। পরে খুনি নিজেই হত্যার খবর জানায় পুলিশকে। বৃহস্পতিবার সকালে উপজেলার নারায়ণকান্দি বাঁওড়ের পাশ থেকে হেলাল উদ্দিন (২৫) নামে ওই যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়। হেলাল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাস কয়রা গ্রামের বেলাল হোসেনের ছেলে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা কোরবান মোবাইল ফোনে পুলিশকে হত্যার খবর জানিয়েছে। হত্যার দায় স্বীকার করে কোরবান পুলিশকে জানায়, চাঁদাবাজির কারণে হেলালকে খুন করা হয়েছে। চরমপন্থী নেতা কোরবানের বিরুদ্ধে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা ও অপহরণসহ ১২টি মামলা রয়েছে বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি জানান, বুধবার রাতে অন্য কোথাও হত্যা করে হেলালের লাশ নারায়ণকান্দি গ্রামের বাঁওড়ের পাশে এনে ফেলে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৪৮ ঘ.