২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসির জন্য নাম চেয়েছে সার্চ কমিটি

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া দলগুলোকে নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ও সদস্যের নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া দলগুলোকে নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ও সদস্যের নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। বুধবার সুপ্রিম কোর্ট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ আহ্বান জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুন্সি জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মনোনয়নের জন্য সর্বোচ্চ পাঁচটি নাম পাঠাতে পারবে। আগামী ২৯ জানুয়ারি দুপুর ৩টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ নামের তালিকা পাঠাতে হবে। কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বুধবারের সভায় এ পর্যন্ত সরকারের অবসরপ্রাপ্ত সব মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্যসচিবের নামের তালিকা কমিটির কাছে পাঠাতেও মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়। একইভাবে সুপ্রিম কোর্টের নিবন্ধককে অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের নামের তালিকা কমিটিতে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সার্চ কমিটির সদস্যরা নিজ বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নাম সংগ্রহ করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর স¤প্রতি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন। প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে গেলেও তারা আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানায়। গত বছর সংবিধান সশোধনের মধ্য দিয়ে বাতিল হয় ওই ব্যবস্থা। গত ২২ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠনের ঘোষণা দেয়। মঙ্গলবার কমিটির নামে তালিকা গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। গঠিত কমিটিকে কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দিতে বলা হয়। কমিটির সদস্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. নূরুজ্জামান এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৪ ঘ.