মৌলভীবাজার, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক গৃহবধূর (২২) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কামিনীগঞ্জ বাজারের নিজ চেম্বার থেকে কবির আহমেদকে (৫০) গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
তবে কবির আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তার বাড়ি উপজেলার জাঙ্গিরাই গ্রামে।
গৃহবধূর বরাত দিয়ে জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহবধূ মঙ্গলবার রাত ৮টায় ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যান। ওই সময় চিকিৎসক ভেতরের চেম্বারে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
বিষয়টি তার স্বামী ও আশপাশের লোকজন জানলে তারা পুলিশে খবর দেন।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24