২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকার নিশ্চিতে চাই মৌলিক অধিকার পূরণ’

মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে মানুষের মৌলিক অধিকারকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে তা পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে মানুষের মৌলিক অধিকারকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে তা পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “মানবাধিকার হচ্ছে সার্বজনীন এবং তা সর্বত্র প্রয়োগযোগ্য। তবে মানবাধিকার নিশ্চিত করতে জনগণের মৌলিক অধিকার তথা তাদের খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।” সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের মৌলিক অধিকার পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন প্রধানমন্ত্রী। বুধবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) চেয়ারম্যান আবদুর রহিম খানের সভাপতিত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি একথা বলেন। দেশে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরে ওই সময়কার সরকারের সমালোচনাও করেন হাসিনা। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোটের অত্যাচার ও ভয়ভীতি কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা করা যেতে পারে। ২০০১ সালে নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে গত বছর তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্তে নির্যাতনকারী হিসেবে প্রায় ২৬ হাজার জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী-এমপির নামও রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের অপারেশন ক্লিন হার্ট ও ক্রসফায়ারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি ছাড়া এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তখন কেউ মুখ খোলেনি।” “বিগত দিনে যখন কিছু ব্যক্তি তাদের নিজস্ব উদ্দেশ্য চরিতার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিল, সে সময় সেনাসদস্য ও তাদের পরিবারের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছিল,” যোগ করেন তিনি। সরকার সেনাবাহিনীকে শক্তিশালী, আধুনিক ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার সব ব্যবস্থা নিয়েছে উল্লে¬খ করে শেখ হাসিনা সা¤প্রতিক ষড়যন্ত্র উদঘাটনের জন্য সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। পারিবারিক কলহ, জমির মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মানবাধিকার কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যেসব অসহায় নারী দীর্ঘদিন থেকে কারাগারে আছে তাদের সাহায্যে এগিয়ে আসতে বামাকা’র প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের আইনি সহায়তা তহবিলের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, “মানবাধিকার কাউন্সিল আদালতে মামলা নিষ্পত্তির জন্য এই তহবিল থেকে সহায়তা নিয়ে ওই অসহায় নারীদের সাহায্যে এগিয়ে আসতে পারে।” অনুষ্ঠানে কাউন্সিলের সাধারণ সম্পাদক ড. ফরিদ, সদস্য শহিদুল ইসলাম এবং কাজী মোজাম্মেল হক ও কাজী শাহীন আরা এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/২০৪২ ঘ.