২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২০ দিন পর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত এই ব্যক্তির পরিবারের দাবি, বিএসএফই এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ২০ দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে এক যুবকের গলিত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে পাঁকা-নারায়ণপুর গ্রামে সাদ্দাম হোসেনের (২২) লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে স্বজনরা লাশটি সাদ্দামের গ্রামের বাড়ি মনাকষা ইউনিয়নের তারাপুর-পণ্ডিতপাড়া নিয়ে যায়। সাদ্দাম ওই গ্রামের গোলাম মোর্তুজার ছেলে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাদ্দামের ভাই মো. মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ সাদ্দামকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দিয়েছে। তবে, চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দাম সীমান্ত অতিক্রম করেছে কি না কিংবা বিএসএফ তাকে হত্যা করেছে কি না সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। সাদ্দামের স্বজনদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ জানুয়ারি ভোরে কয়েকজনের সঙ্গীসহ জেলার শিংনগর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান সাদ্দাম। ওপারে বিএসএফ জওয়ানদের হাতে সাদ্দাম ধরা পড়েন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে, বলেন ওসি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত সরকার বলেন, সাদ্দামের দুই হাত, দুই পা বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। “তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০৯ ঘ.