ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কিশোরী ধর্ষণের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসির দায়িত্বহীন ভূমিকার জন্য তাকে কড়া ভাষায় তিরস্কার করেছে হাইকোর্ট।
তলবের আদেশ পেয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে হাজির হন ওসি সৈয়দ নজরুল ইসলাম।
গত বৃহস্পতিবার মধ্যরাতে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের এক কিশোরী ধর্ষিত হয়, ঘটনা প্রকাশ না করার জন্য তার পরিবারকেও হুমকি দেওয়া হয়।
এই ঘটনা সোমবার সংবাদপত্রে প্রকাশ হলে আদালত তা দেখে ওসিকে তলব করে।
শুনানিতে আদালতের প্রশ্নের জবাবে ওসি জানান, ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও গত সোমবার বিকাল ৪টার দিকে সংশ্লিষ্ট সাংবাদিক ফোন করার ঘণ্টা দুয়েক আগে তিনি ঘটনাটি জানতে পারেন।
এরপর আদালত ওসিকে বলে, “আপনি তো অপদার্থ। আপনার থানার ৭ কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলো। আপনি জানলেন চার দিন পর। অথচ এলাকার মানুষ বলছে, ঘটনার পরই সেখানে পুলিশ গিয়েছিল।
“আপনার অধীনের এক পুলিশ ঘটনাস্থলে গেল। আপনি তো তার সাক্ষাৎ বস, সেটাও আপনি জানেন না। তাহলে আপনি কি এই পদে থাকার যোগ্য?”
ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে এফআইআর দাখিল করেননি কেন- আদালতের এই প্রশ্নে ওসি নজরুল বলেন, “কেউ অভিযোগ নিয়ে না আসায় এফআইআর দাখিল করিনি। এক পুলিশকে খোঁজ নিতে বলেছি। ভিক্টিমের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেনি।”
তখন আদালত বলে, “কগনিজেবল অফেন্সেও (আমলযোগ্য অপরাধ) আপনি অন্য কারো এফআইআর দাখিলের জন্য অপেক্ষা করবেন? তার মানে, আপনার এলাকায় খুন হলে কেউ মামলা না করলে আপনি কোনো মামলা দেবেন না? ২০ বছর এভাবেই চাকরিতে দায়িত্ব অবহেলা করে এসেছেন?”
“ঘটনা জানার পরও মেডিকেল টেস্টের নির্দেশ দেননি। তাৎক্ষণিক ব্যবস্থা নিলে স্পাম পাওয়া যেত, ডিএনএ টেস্ট করা যেতো, মেডিকেল টেস্ট করা যেত। কাপড় সিজ করার আদেশ দিতে পারতেন। এ সবই তাৎক্ষণিক কাজ ছিলো। এগুলো না করে আপনি ন্যায়বিচারের পথ বন্ধ করতে চেয়েছেন। আপনি সব শেষ করে দিয়েছেন,” ” বলে আদালত।
শুনানির এক পর্যায়ে নজরুল ক্ষমা চাইলে আদালত বলে, “আইনে মাফ বলতে কিছু নাই। আপনাদের জন্য তো আরো নাই। ২০ বছরের চাকরি জীবনে এভাবেই করে এসেছেন? আপনাদের মতো গুটিকয়েকের জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে।”
পরে আদালত এই ঘটনায় ওসি নজরুলের ভূমিকা তদন্ত করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয়। দুই দিনের মধ্যে কমিটি গঠন করে ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০০৮ ঘ.
bdnews24