বাগেরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের খালে লবণ পানির প্রজাতির দু’টি কুমির অবমুক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বড় হওয়া পাঁচ বছর বয়সী ওই কুমির দু’টি বুধবার দুপুরে হারবারিয়া খালে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, এ নিয়ে চার দফায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে মোট ৬৮টি লবণ পানির প্রজাতির কুমির সুন্দরবনের বিভিন্ন খালে অবমুক্ত করা হলো।
তিনি বলেন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ‘সুন্দরবনস্ এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি-সিলস্’ নামে একটি প্রকল্পে অর্থায়ন করে ইইউ। রাষ্ট্রদূত সেই প্রকল্পের দু’টি কুমির খালে অবমুক্ত করেন।
এ সময় সিলস্-এর প্রকল্প পরিচালক ও সুন্দরবন বিভাগের বন সংরক্ষক আকবর হোসেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব এবং রাষ্ট্রদূতের স্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এদিকে তীব্র শীতে উপযুক্ত উপকরণের অভাবে প্রজনন কেন্দ্রের পাঁচটি কুমির ছানা জানুয়ারি মাসের বিভিন্ন সময়ে মারা গেছে বলে জানান করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমির বিশেষজ্ঞ আব্দুর রব।
বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কুমির শীতল রক্তের প্রাণী। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে কুমিরের রক্তের উত্তাপ কমে যেতে থাকে।
“এ অবস্থায় কুমিরের আবাসস্থলে কৃত্রিম তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। কিন্তু প্রজনন কেন্দ্রের উপকরণ সংকট রয়েছে।”
আব্দুর রব আরো বলেন, করমজল প্রজনন কেন্দ্রে লবণ পানির প্রজাতির (সল্ট ওয়াটার ক্রোকোডাইল) ১২৩টি এবং মিঠা পানির প্রজাতির (মার্শ ক্রোকোডাইল) দু’টি কুমির রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24