খুলনা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনন্দঘন পরিবেশে দু’দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশন উৎসব শুরু হয়েছে।
বুধবার দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রসহ শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে নগরীর শহীদ হাদিস পার্কে উৎসব উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
দেশে এধরনের উৎসব এটিই প্রথম।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, চট্টগ্রাম সিটির প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, সিলেট সিটির প্যানেল মেয়র মো. শাহজাহান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. কামরুজ্জামান, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নানক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
সিটি গভর্ন্যান্সের বিষয়টি সরকারের বিবেচনাধীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সব সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গ্রেডেশন তালিকা তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।
সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়ররা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার আইন যুগপোযোগী করার আহ্বান জানান।
সকালে হাদিস পার্কে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন শেষে মঞ্চে উঠলে তাদের কেসিসি, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রূপান্তর-এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথিদের ক্রেস্ট প্রদান এবং চাদর ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
আালোচনা শেষে ‘একমাত্র সক্রিয় স্ট্যান্ডিং কমিটিই পারে সিটি কর্পোরেশনের গণতান্ত্রিক চর্চাকে গতিশীল করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সব সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করে। বিকালে মেয়রগণ খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, গ্রীনল্যান্ড আবাসন প্রকল্প, মাদার্স ক্লাব এবং সোলার এনার্জি পার্ক পরিদর্শন করেন।
দুই দিনের এই উৎসবে থাকছে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন, অনুকরণীয় চর্চা উপস্থাপন, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24