ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের স্কুলছাত্রী সেঁজুতিকে ধর্ষণের ঘটনায় বাকেরগঞ্জ থানার তৎকালীন ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করার পর বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পর আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওই ঘটনা তদন্ত করেছেন। প্রতিবেদন দাখিল করার পর আজ আদালত আদেশ দিয়েছে।
“তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেঁজুতির ওই ঘটনায় বাকেরগঞ্জের ওসির পেশাগত অসদাচারণের প্রকাশ ঘটেছে। তিনি যথাসময়ে ব্যবস্থা নিলে হয়তো সেঁজুতিকে আত্মহত্যা করতে হতো না। ওসি হিসাবে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
গত বছরের ২১ অক্টোবর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেঁজুতি (১৬)।
পরিবারের অভিযোগ, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে ডেকে নেয়। পরে একই গ্রামের নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া, মো. রাজিব ও সাইফুল প্যাদাসহ ছয় জন তাকে পাশের বাগানে ধর্ষণ করে।
ওই ঘটনায় প্রাথমকিভাবে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়। কিন্তু ওসি রবিউল ইসলাম আসামিদের সঙ্গে সমঝোতায় এসে ওই মামলা মিটিয়ে ফেলার জন্য সেঁজুতির পরিবারকে চাপ দেন। সেঁজুতির মা তাতে রাজি না হওয়ায় আসামি পক্ষ তার আরেক মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়। এরপর আত্মহত্যার পথ বেছে নেন সেঁজুতি।
এরপর আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে আরেকটি মামলা করেন সেঁজুতির মা। তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় ওসি রবিউলকে।
এরপর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংস্থার পক্ষে রিট আবেদন করা হলে ২৪ অক্টোবর হাইকোর্ট ঘটনা তদন্তের নির্দেশ দেয়।
বাকেগঞ্জের রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭০১ ঘ.
bdnews24