২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

রাজধানীর গুলশান লেক এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান লেক এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত একটি রুলের শুনানিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। ৬০ দিনের মধ্যে লেকের সীমানা নির্ধারণ করে এ আদেশ বাস্তবায়ন করতে ওই জমির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) নির্দেশ দেওয়া হয়েছে। আর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে রাজউককে। আদেশে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদে সহায়তা করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে উচ্ছেদ কার্যক্রমে সহায়তা দিতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশ বাস্তবায়ন করে ৩০ মার্চের মধ্যে হাইকোর্টে একটি অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। ২০১০ সালের ১৪ জুলাই দেওয়া এক রায়ে হাইকোর্ট গুলশান লেককে পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা ঘোষণা করতে বলেছিল। সেই রায় বাস্তবায়নের অগ্রগতি জানাতে পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব, ঢাকার জেলা প্রশাসক, ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক, বিটিসিএল এর ব্যবস্থপনা পরিচালককে ২৮ ফেব্র“য়ারির মধ্যে আরেকটি প্রতিবেদন দিতে হবে। আদালতের নির্দেশে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ খান ও রাজউকের চেয়ারম্যান বুধবার আদালতে হাজির হন। ‘বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক’ শিরোনামে গত ১৭ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনলে আদালত ওইদিনই স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। পাশাপাশি লেক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা দিতে রাজউক চেয়ারম্যান ও গুলশানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হাজির হতে বলা দেয়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, দখলে-দূষণে ইতিমধ্যেই বিপন্ন রাজধানীর গুলশান লেকের প্রায় পাঁচ বিঘা অংশ মূল লেক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। করাইল বস্তির কাছে গুলশান এভিনিউর পশ্চিম তীরে লেকের বুক চিরে দেওয়া হয়েছে বাঁধ। তার ওপর গড়ে তোলা হয়েছে নতুন নতুন টিনের ঘর। আদালতে গুলশান সোসাইটির পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৩০ ঘ.