২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলের ৯৭ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সৌরশক্তির ব্যবহার ও উন্নয়ন কাজের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সৌরশক্তির ব্যবহার ও উন্নয়ন কাজের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড। বুধবার বোর্ডের সভায় ‘বাংলাদেশের জলবায়ু দুর্গত এলাকায় সৌরশক্তির উন্নয়ন’ বিষয়ক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার এই প্রকল্প বাস্তবায়ন করবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টি বোর্ডের সভা শেষে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। সভায় জলবায়ু তহবিলের ৯৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়। অন্য চারটি প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এগুলো হলো, ২৪ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্প, ১২ কোটি ৯০ লাখ নয় হাজার টাকা ব্যয়ে শরীয়তপুরের ডামুড্যা, গোসাইরহাট, শরীয়তপুর সদর এবং নড়িয়ার নিস্কাশন ও সেচ খাল পুনঃখনন প্রকল্প, ১৫ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ও ঘড়িশার ইউনিয়নের সুরেশ্বর দরবার শরীফ পর্যন্ত পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এবং ২৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে জলবদ্ধতা নিরসনে সাতক্ষীরা জেলার বেতনা নদী পুনঃখনন প্রকল্প। সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বুয়েটের উপ-উপাচার্য হাবিবুর রহমান এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬১৬ ঘ.