ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে রিকশার ধাক্কায় এক অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
লালবাগ থানার ওসি আজিজুলর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাশিদা বেগম (২৫) নামের ওই শ্রমিক এলিফেন্ট রোডের স্টার লাইফ গার্মেন্টে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের নওগাঁও গ্রামে।
রাশিদার স্বামী আকরাম হোসেন জানান, সকালে হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় একটি রিকশা তার স্ত্রীকে ধাক্কা দেয়। একই সময় আরেকটি রিকশা ধাক্কা দিলে রাশিদা মাটিতে পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক রাশিদাকে মৃত ঘোষণা করেন।
রাশিদা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান আকরাম।
ওসি আজিজুল জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৪১৪ ঘ.
bdnews24